স্পোর্টস ডেস্ক
লা লিগায় অ্যাটলেটিকো, রিয়াল, বার্সেলোনা এবং সেভিয়া লিগ শিরোপা জয়ের জন্য ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সমীকরণটা এমন এক জায়গা এসে দাঁড়িয়েছে, যেখান থেকে কোনো ম্যাচ হারলে বড় ক্ষতি হয়ে যাবে। সোজাসাপটা কথা হচ্ছে, এখন আর ম্যাচ হারা যাবে না।
শনিবার রাতে পুঁচকে এলচের বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এলচেকে তাদেরই মাঠে ১-০ গোলে লস রোহি ব্লাঙ্কোরা হারিয়েছে বটে, তবে ইনজুরি সময়ে পাওয়া পেনাল্টি থেকে এলচে গোল করলে এতক্ষণে হয়তো শিরোপা স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হতো ডিয়েগো সিমিওনে শিষ্যদের। তবে মার্কোস লরেন্তের একমাত্র গোলে এলচের মাঠে থেকে জয় নিয়েই ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। একই রাতে জয়ের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদও। ঘরের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। বদলি হিসেবে নামা ইস্কোর কর্নার থেকে জিদানকে স্বস্তি এনে দেন এডের মিলিতাও। তার হেডে পরাস্ত হন পুরো ম্যাচেই নিজের গোলপোস্ট দুর্দান্তভাবে সামলে আসা ওসাসুনা কিপার সের্হিও হেরেরা। ডেডলক খেলার মিনিট তিনেক পর দ্বিতীয় গোলটি পেয়ে যায় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে করিম বেনজেমার থ্রু পাস থেকে ক্যাসেমিরো ঠিকঠাক শট নিতে না পারলেও বল ঢুকে যায় জালে। এ জয়ে ৩৪ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো যেখানে শীর্ষে, সেখানে সমান ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৭৪।