গণপরিবহন চালুর দাবিতে চালক-শ্রমিকদের বিক্ষোভ

ইত্তেফাক ডেস্ক

চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে রবিবার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন চালক ও শ্রমিকরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

খুলনা: নগরীর সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পরিবহন চালক-শ্রমিকরা। সমাবেশে বক্তৃতা করেন খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব প্রমুখ।

নেত্রকোনা:নেত্রকোনায় জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। পরে শহরের বারহাট্টা রোডস্থ  মোটরযান কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আদব আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল হয়েছে। সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারের নেতৃত্বে মিছিলটি শহরস্থ এম এ মতিন পৌর বাস টার্মিনাল হতে শুরু হয়ে বাজার স্টেশন এসে শেষ হয়। গণপরিবহন চলাচলের অনুমতি না দিলে মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

রাজবাড়ী:বিক্ষোভ কর্মসূচিতে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল হাসান পিন্টু, সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন টোকাই প্রমুখ অংশ নেন। আগামী ৪ মে তিন দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে ঘোষণা দেন তারা।

পাবনা: দুপুরে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাকচালক ইউনিয়নের যৌথ উদ্যোগে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুরাতন বাসস্ট্যান্ডের সামনে সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আলহাজ মোশারফ হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ।

নরসিংদী: জেলা শ্রমিক ইউনিয়ন ও আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি নরসিংদী পৌর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে বিক্ষোভ করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি এ,এইচ,এম জাহাঙ্গীরসহ অন্যান্যরা।

জয়পুরহাট: জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা শহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষাভ মিছিল বের করে। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।