নানা কর্মসূচিতে মে দিবস পালিত

ইত্তেফাক ডেস্ক

নানা কর্মসূচিতে শনিবার পালিত হয়েছে মহান মে দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পিরোজপুর :শনিবার মে দিবস উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চ্যুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রওশন ইসলামের সঞ্চালনায় সভায় অধ্যাপক মো. শাহীন রেজা মে দিবসের ওপরে আলোচনা করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, গৌতম চৌধুরীসহ শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নাটোর :দিবসটি উপলক্ষ্যে শহরের কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্ত্তোজা আলী বাবলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) :মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ও শ্রমজীবী ইউনিয়ন অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের পর শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির।