রূপগঞ্জে ফসলি জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিবাদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

পুলিশের নাম ভাঙিয়ে চট্টগ্রামের এক গার্মেন্টস ব্যবসায়ী কর্তৃক রূপগঞ্জের পশি মৌজার কৃষকদের ফসলি জমিতে অবৈধভাবে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল রবিবার পূর্বাচল উপশহরের জলসিঁড়ি গোলচত্বরে ভুক্তভোগী কিষান-কিষানিরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক শফিউল্লাহ, শাহ্জাহান, নাছির, আব্দুস সুবহান, রেজাউল করিম; কিষানি জিন্নাত আরা, লাকি আক্তার, রেহেনা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার পশি মৌজার কৃষকদের ১ একর ৪৭ শতাংশ ফসলি জমি অবৈধভাবে দখলে নিয়ে চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। প্রতিবাদ করলেই বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কৃষকদের ওপর হামলা করা হচ্ছে।