ইত্তেফাক রিপোর্ট
করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণের জন্য আজ সোমবার থেকে আবেদন করতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। মোট ঋণের ৫০ শতাংশের বেশি নারী-উদ্যোক্তাদের দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এসএমই ফাউন্ডেশন। আজ থেকে ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বেসিক ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স-এ আবেদন করতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। পরবর্তীতে এসএমই ফাউন্ডেশনের সাথে চুক্তি সই হওয়া বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও আবেদন করা যাবে। গতকাল রবিবার অনলাইনে নারী-উদ্যোক্তা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন ও চেম্বার নেতৃবৃন্দের সাথে এসএমই ফাউন্ডেশনের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বক্তব্য রাখেন।