সিলেটে একই পরিবারের চার জনসহ সড়কে ঝরল আরো ১৮ জনের প্রাণ। এর মধ্যে সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চার জনসহ পাঁচ জন, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন সবজি বিক্রেতা, নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় এক ভ্যানযাত্রী, ভোলার বোরহানউদ্দিনে নারী এএসআই, জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল আরোহী, খুলনায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী, লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে থ্রি হুইলার চালক, মানিকগঞ্জের ঘিওরে বালুভর্তি ট্রাক উল্টে শ্রমিক, পাবনার ঈশ্বরদীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী ও ফরিদপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় অটোভ্যান যাত্রী, দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত এবং টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার ভ্যান চালাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সিলেট অফিস ও জৈন্তাপুর সংবাদদাতা জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হন। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন—জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশাচালক হোসেন আহমদ, একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, সাত বছরের মেয়ে সাবিয়া বেগম ও জামাল আহমদের বোন হাবিবুন্নেছা।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উলটে তিন জন সবজি বিক্রেতা নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হন আরো দুজন। গত শনিবার ভোরে মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় পাঁচ জনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তিন জন মারা যান। নিহতরা হলেন সোনারগাঁওয়ের দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোঁটালিয়া এলাকার আল আমিন। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, বড়াইগ্রামে যাত্রীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কায় আবু হানিফ প্রামাণিক নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত ও আরো চার জন আহত হন। শনিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ নাটোর সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত গোলাপ প্রামাণিকের ছেলে।
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বোরহানউদ্দিন থানার নারী এএসআই আকলিমা বেগম (৪০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুর শহরের টিওবয়েলপাড় ঢাকা জামালপুর সড়কে গতকাল দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহাদত হোসেন নিহত হন। নিহত শাহাদত পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
খুলনা অফিস জানায়, খুলনায় বাসের ধাক্কায় শাহাবুদ্দীন মোড়ল ওরফে শিহাব (৩৪) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়। রবিবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল গ্রামের ফুলতলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। যশোরের মনিরামপুর উপজেলার মুজগুন্নী গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে শিহাব ফুলতলার আইয়ান জুট মিলের ক্যান্টিন পরিচালক হিসেবে কাজ করতেন।
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা জানান, শনিবার ভোরে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী রেল স্টেশনসংলগ্ন ভাকারি ব্রিজে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক থ্রি-হুইলার চালক নিহত ও দুজন গুরুতর আহত হয়। নিহত ইয়াসিন আলী বাবু উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘিওরে বালু ভর্তি ট্রাক উলটে এক শ্রমিক নিহত ও তিন জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিয়াখোড়া-পেঁচারকান্দা আঞ্চলিক সড়কে পাথর ভর্তি ট্রাকটি পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মজিবুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার নারাংগাইল এলাকার আনসার আলী ছেলে।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ে শনিবার দুপুরে বালু বোঝাই ট্রাক্টর চাপায় ঈমন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ইমন পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের আবদুস সালামের ছেলে।
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা জানান, শনিবার উপজেলার ফরিদপুর-ডেমড়া সড়কের চকচকিয়ার পাশে সিএনজি অটোরিকশার ধাক্কায় অটোভ্যানের যাত্রী আবদুল মালেক ঘটনাস্থলে নিহত হন। আবদুুল মালেক বাউশগাড়ী গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, গতকাল রবিবার উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী গ্রিনটেক অটো রাইস মিলের সামনে ফেনসিডিল বহনকারী পিকআপ ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়। নিহত ভ্যানচালক শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার কাঁঠাল পাড়া গ্রামের মো. সুুুরুজ আলীর ছেলে ।
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ভূঞাপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যান চালাতে গিয়ে কাউসার নামের (৫) এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ফয়সাল (৭) নামের আরেক শিশু আহত হয়। রবিবার সকালে উপজেলার ঝনঝনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু কাউসার ঝনঝনিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।