রাবি উপাচার্য, প্রশাসন ও সিনেট ভবনে ছাত্রলীগের তালা

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টাররোল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনসহ সিনেট এবং দুই প্রশাসন ভবনে গতকাল তালা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা। রবিবার সকাল সাড়ে ৮টায় উপাচার্য ভবনে তালা দেওয়ার পর দুপুর ১টায় সিনেট ভবন এবং দুই প্রশাসন ভবনে তালা দেয় তারা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, মেয়াদের শেষ পর্যায়ে উপাচার্য যেন বড় ধরনের দুর্নীতিমূলক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল সকালে             উপাচার্য ভবন এবং প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ’ মাস্টাররোল কর্মচারী। এছাড়া দুপুরে শহীদুল্লাহ কলাভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাবির দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের নেতৃবৃন্দ উপাচার্যসহ সব প্রশাসনিক কর্তার অপসারণ দাবি করেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত থাকা এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হওয়ায় এই দাবি করেন। তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কোনো উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের সংশ্লিষ্টতায় বিশ্ববিদ্যালয়ের সম্পদ চুরি/লুটের এমন ঘটনা ঘটেনি। পুকুর কাটা ও মাটি বিক্রির সাম্প্রতিক বিষয়টিকে সরকারি তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ উপাচার্যের নেতৃত্বে রাবির চলমান দুর্নীতির অংশ বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু। অন্যান্যের মধ্যে স্টিয়ারিং কমিটির ১৫ সদস্যসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মোবাইলে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।