আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, জনস্বার্থের কথা বিবেচনায় সরকার ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। গত শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আরো বলেন, ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিংমলে কাজ করেন তাদের কথা চিন্তা করে ইতিমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে।
এদিকে গতকাল রবিবার ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটিএর সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে বলেন, শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত মূল সেতুর নির্মাণকাজের অগ্রগতি ৯৩ দশমিক ২৫ শতাংশ। আগামী ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনাকে বোঝা বড়ই মুশকিল, কখন কী রূপ ধারণ করে বোঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি পালন ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই। মন্ত্রী বলেন, ‘আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপজ্জনক বার্তা থেকে।’ ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছেন, তখন এই দুঃসময় একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। বিএনপি করোনা নিয়ে যতই অপপ্রচার করুক, জনগণ তা বিশ্বাস করে না। সরকার করোনার সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিত্সায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা-সিলেট ও সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই মুহূর্তে অন্যতম অগ্রাধিকার প্রকল্প হচ্ছে এটি, তাই সড়কটি চার লেনে উন্নীত করার বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে।
শনিবারের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শ্রমিকদের লড়াই, সংহতি, দৃঢ়তা ও রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা অর্জিত বিজয় দিবসই মে দিবস। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সরকার প্রথম শ্রমনীতি ঘোষণা করে, যেখানে মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন, শিল্পের শান্তি ও উত্পাদনশীলতা বৃদ্ধি, শ্রমজীবী মানুষের স্বার্থ সুরক্ষা এবং কল্যাণের প্রতি জোর দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। একই দিনে বাংলাদেশ আইএলওর ২৯টি কনভেনশন অনুসমর্থন করে, যা ছিল একটি বিরল ঘটনা। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। এই সময়ে মন্ত্রী ঈদের আগেই বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
ভুয়া ফেসবুক আইডি থেকে প্রচারিত বক্তব্যে বিভ্রান্ত হবেন না
ফেসবুকের ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়। প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফাইড ফেসবুক আইডি।’