বিধানসভা নির্বাচন

আসাম, পন্ডিচেরিতে বিজেপি তামিলনাড়ুতে ডিএমকের জয়

ভারতের বিধানসভা নির্বাচনে আসাম ও পন্ডিচেরি রাজ্যে জয় পেয়েছে বিজেপি। অপরদিকে, এআইএডিএমকের কাছ থেকে তামিলনাড়ু ছিনিয়ে নিয়েছে কংগ্রেস-ডিএমকে জোট। অন্যদিকে, কেরালায় ক্ষমতা ধরে রেখেছে সিপিএম।

দীর্ঘদিনের প্রথা ভেঙে কেরালায় ক্ষমতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাসক শিবিরের। সেখানে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ জোট ফের জিতেছে। কেরালায় ১৪০টি আসনের মধ্যে বামজোট ৯৭, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৩ আসনে জয় পেয়েছে। বুথফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ১৪৯ এবং এআইএডিএমকে জোট ৮৫টিতে জয় পেয়েছে। ১০ বছর ক্ষমতায় থাকার পরেও প্রয়াত জয়ললিতার দলের এই ফল তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

উত্তর-পূর্বের রাজ্য আসামে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি ৭৬ এবং কংগ্রেস জয় পেয়েছে ৪৮ টিতে। অন্যদিকে, পন্ডিচেরিতেও ক্ষমতা দখলে রাখল  এনডিএ জোট। ৩০টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে এনডিএ। অপরদিকে ইউপিএ পেয়েছে সাতটিতে জয়। বাকি আসনগুলো পেয়েছে অন্যরা।