‘বৈরী’ পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন বাইডেন :উ. কোরিয়া

আবারও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করল উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন পিয়ংইয়ং এবং এর পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ‘বৈরী নীতি’ অনুসরণ করছে বলে অভিযোগ করেছে তারা। এই নীতির জন্য যুক্তরাষ্ট্র গুরুতর পরিস্থিতির মুখে পড়বে বলেও তারা সতর্ক করে দিয়েছে। গতকাল রবিবার একাধিক বিবৃতির দিয়ে পিয়ংইয়ং এসব দাবি করে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগারকে ‘হুমকি’ হিসাবে উল্লেখ করেন। এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্র  ‘বড় ধরনের ভুল করেছে’ বলে মন্তব্য করে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন থেকে সমপ্রতি এইসব মন্তব্যই তাদের বৈরি নীতির প্রমাণ দিচ্ছে। বাইডেন প্রশাসনের এমন সব মন্তব্যের সমুচিত জবাব উত্তর কোরিয়া দেবে । উত্তর কোরিয়ার বিবৃতিগুলো প্রকাশ করা হয়েছে দেশটির কেসিএনএ সংবাদ সংস্থায়। বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বড় ধরনের ভুল করেছেন। তিনি যে উত্তর কোরিয়ার প্রতি বৈরি নীতিই অনুসরণ করতে চান তা তার বক্তব্যে স্পষ্টতই প্রতিফলিত হয়েছে। আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি। যুক্তরাষ্ট্র সময় এলেই দেখতে পাবে যে তারা গুরুতর পরিস্থিতিতে পড়েছে। শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়াকে পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে তারা এখনো অবিচল রয়েছে। বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি সতর্কতামূলক কার্যকরী পদক্ষেপ নেবে যা হবে কূটনৈতিক প্রয়োগের জন্য উন্মুক্ত।’