চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাবেক সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
ন্যাক্কারজনক এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় এ নিন্দা জানানো হয়।
এ সময় চবিসাস নেতৃবৃন্দ বলেন, 'মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে সংবাদ সংগ্রহের সময় মঙ্গলবার সকালে সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় হাসপাতালটির ওয়ার্ডবয় মো. রাসেল। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও নির্যাতনের বিষয়টি স্পষ্ট হয়েছে। সকালে হামলা চালালেও সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। এটি অত্যন্ত দুঃখজনক।'
তারা আরো বলেন, 'সরকার চিকিৎসাসেবার প্রতি গুরুত্ব দিলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহের সময় চিকিৎসাসেবা প্রত্যাশী সাধারণ মানুষের মতামত জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা কর্তব্যরত দুই সাংবাদিকের ওপর হামলা চালায়। ওই হাসপাতালটির পরিচালক আমিন আহমেদের আচরণের হামলার ইন্ধনের বিষয়টি স্পষ্ট।'
সভায় হামলাকারী ও হামলার ইন্ধনদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আরও পড়ুন: সোনা চোরাচালান মামলায় ভ্যানচালকের যাবজ্জীবন কারাদণ্ড
সভায় সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন চবিসাসের নেতৃবৃন্দ ও সদস্যরা।
ইত্তেফাক/নূহু