প্রকৃতির বদন্যতায় পঞ্চম দিনে গড়িয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। আলোর স্বল্পতায় গতকাল প্রায় দেড় ঘণ্টা আগে বন্ধ হয়েছিল চতুর্থ দিনের খেলা। তখন শ্রীলঙ্কার স্পিনারদের মায়াবী ঘূর্ণিতে কাঁপছিল বাংলাদেশের ব্যাটিং লাইন। দিনের পুরো সময় খেলা হলে হয়তো গতকালই ম্যাচটা শেষ হতে পারত! আজ ম্যাচের পঞ্চম দিনে হয়তো বাংলাদেশের হারের আনুষ্ঠানিকতাই বাকি।
রান জোয়ারে প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে কাবু করার পরিকল্পনায় সফল হতে যাচ্ছে শ্রীলঙ্কা। ক্যান্ডিতে চতুর্থ দিন শেষে হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। ৪৩৭ রানের টার্গেটে খেলতে নেমে গতকাল দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭ রান। লিটন দাস ১৪ ও মিরাজ ৪ রানে ব্যাট করছেন। জয়ের জন্য এখনো প্রয়োজন ২৬০ রান। হাতে আছে ৫ উইকেট। লেজের ব্যাটসম্যানদের পক্ষে এ টার্গেট পাড়ি দেওয়া প্রায় অসম্ভবই বলা যায়।
জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে, নয়তো টানা পাঁচ সেশন ব্যাটিং করতে হবে ম্যাচে হার এড়াতে। এমন চ্যালেঞ্জের সামনে গতকাল স্পিন বান্ধব উইকেটে লঙ্কান তরুণ দুই স্পিনার রমেশ মেন্ডিস, প্রাভীন জয়াবিক্রমার সামনে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলীয় ৩১ রানে তামিমের বিদায় দিয়ে শুরু হয় সাজঘরে ফেরার মিছিল। তারপর মুমিনুল-মুশফিকরা মাঝারি ইনিংস খেলেছেন, কিন্তু দলের প্রয়োজনে ইনিংস বড় করতে পারেননি। তামিম ২৪, সাইফ হাসান ৩৪, শান্ত ২৬, মুমিনুল ৩২, মুশফিক ৪০ রান করেন। লঙ্কানদের পক্ষে অফস্পিনার রমেশ মেন্ডিস তিনটি, বাঁহাতি স্পিনার জয়াবিক্রমা দুটি উইকেট নেন।
এর আগে গতকাল লাঞ্চের পর ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক করুনারত্নে ৬৬, ধনাঞ্জয়া ৪১, নিশাঙ্কা ২৪, ডিকওয়েলা ২৪ রান করেন। বাংলাদেশের তাইজুল ৭২ রানে পাঁচটি উইকেট পান।