মরহুম আল্লামা শফীর শ্যালক মঈন উদ্দিনের থানায় জিডি

প্রাণনাশের আশঙ্কা করে থানায় সাধারণ ডায়েরি করেছেন হেফাজতে ইসলামের সাবেক আমীর প্রয়াত শাহ আহমদ শফীর শ্যালক মো. মঈন উদ্দিন। গতকাল রবিবার নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং-৮১।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া বলেন, নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে মঈন উদ্দিন একটি জিডি করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

মামলার বাদী মঈন উদ্দিন বলেন, শফী সাহেবকে হত্যার অভিযোগ এনে আমি আদালতে মামলা দায়ের করেছিলাম। মামলা দায়েরের পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি পাচ্ছি। মামলাটি তদন্ত করে পিবিআই আদালতে চার্জশিট দিয়েছে। আমি চট্টগ্রাম শহরে যে এলাকায় থাকি আমার বাসার আশপাশে অপরিচিত, সন্দেহজনকদের আনাগোনা বেড়ে গেছে। সারাক্ষণ আমার গতিবিধি কেউ না কেউ নজর রাখছে বলে আমার মনে হচ্ছে। আমার ধারণা, কেউ আমার চরম ক্ষতি অথবা প্রাণনাশের চেষ্টা করছে। এই জন্য আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে জিডি করেছি।’