সৈয়দপুরে মার্কেটগুলোতে ভিড় বাড়ছে

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ঈদুল ফিতর যতই এগিয়ে আসছে সৈয়দপুরের শপিং মার্কেটগুলোতে ততই ভিড় বাড়ছে। গোটা শহর জুড়ে ঈদের কেনাকাটায় মেতে উঠেছে মানুষ। গভীর রাতেও মানুষের চলাচল থামছে না। মার্কেট খোলার প্রথমদিকে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানলেও এখন উপেক্ষা করা হচ্ছে স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা-বিক্রেতাদের মুখেই নেই মাস্ক নেই। একে অপরের গা ঘেষাঘেষি করে চলাচল করছে। এদিকে সৈয়দপুর ছাড়াও আশেপাশের জেলা ও উপজেলা থেকে রিকশা, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলে চেপে লোকজন মার্কেটে আসছেন। এতে করে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের।

সরেজমিনে দেখা যায়, শহরের নিউ ক্লথ মার্কেট, শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেট, চৌধুরী টাওয়ার, পৌর বাজার, আধুনিক কাপড় বাজার সব বিপণিকেন্দ্রে ঈদের কেনাকাটা চলছে। সৈয়দপুর প্লাজায় দেখা যায় নারী ক্রেতাদের প্রচণ্ড ভিড়। একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়েছেন এবং দিব্যি কেনাকাটা করছেন। তবে শোরুম স্বত্বাধিকারী আহমেদা ইয়াসমিন ইলা জানান, মাস্ক ছাড়া কোনো ক্রেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে শোরুমে প্রবেশের মুখে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে।

একই মার্কেটের ব্যবসায়ী ওমর ফারুক সাগর জানান, মার্কেটে ভিড় আছে কিন্ত বেচাকেনা তেমন নেই। গেল বছরের মতো এবারও লোকসান গুণতে হবে। মার্কেটে কাপড়-চোপড় কিনতে আসা গৃহবধূ জরিনা খাতুন জানান, ছেলেমেয়েদের কাপড় কিনতে এসেছি। কিন্ত ভিড়ের কারণে কুলাতে পারছি না। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, উপজেলায় প্রায় প্রতিদিনই দুই/এক জন করে করোনা সংক্রমিত হচ্ছেন। তিনি বলেন, সৈয়দপুরে করোনায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য সচেতন না হলে এবং বাইরের লোকজন আনাগোনা বন্ধ না হলে কঠিন মূল্য দিতে হবে।