ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদে এক শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে রড, পাইপ ও লোঠিসোঁটা দিয়ে পৈশাচিক নির্যাতনের ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আফজাল হোসেন (৫৫), মোমিনুল ইসলাম (২৮), মো. পলাশ (২৮), শাকিব বাবু (২৫) ও শিপন ইসলাম (২৬)। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় রবিবার বিকালে তাদের অভিভাবকরা পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ পাঁচ আসামিকে গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার ছাগল চুরির অপবাদ দিয়ে শারীরিক প্রতিবন্ধী শামীম হোসেন (১৬), রাকিবুল ইসলাম (১৫) ও নিশাতকে (১৬) গাছে বেঁধে রড, পাইপ ও লাঠিসোটা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটে।