ঈশ্বরদীতে নলকূপে উঠছে না পানি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ দিয়ে পানি না ওঠায় ঈশ্বরদীতে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি চলছে তীব্র দাবদাহ। সলিমপুর এলাকার কৃষক সোলেমান হোসেন জানান, টিউবওয়েল তো দূরের কথা, বিদ্যুত্চালিত পাম্প দিয়েও এখন পানি সরবরাহ করা যাচ্ছে না। কিছু দিন আগে রাতে ও ভোরে কিছু পানি তোলা যেত। এখন কোনো সময়ই পানি পাওয়া যাচ্ছে না। এতে আমাদের আবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। পৌর এলাকার কর্মকারপাড়ার বাসুদেব কর্মকার জানান, বাড়িতে পাম্প থাকলেও পানি উঠছে না। পৌরসভার সরবরাহকৃত পানির তোড় না থাকায় পাম্প লাগিয়ে তুলতে হচ্ছে। ঈশ্বরদী পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) প্রবীর কুমার বিশ্বাস জানান, অনেক দিন বৃষ্টি না হওয়ায় পানির ভূগর্ভস্থ স্তর নিচে নেমে গেছে। যে কারণে বেশির ভাগ টিউবওয়েল দিয়ে পানি উঠছে না। সাবমার্চেবল ছাড়া সাধারণ পাম্প দিয়েও পানি তোলা যাচ্ছে না। পৌরসভার পানি সরবরাহ অব্যাহত থাকলেও খরার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। ঈশ্বরদী উপজেলা, জেলা কৃষি অফিসার আব্দুল লতিফ জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় সেচ সংকটে পড়েছেন চাষিরা। মাটিতে রস না থাকায় ফল ও সবজি উত্পাদনে ব্যাপক ক্ষতি হচ্ছে। বৃষ্টি না হওয়ায় মুগ, তিল ও আশু ধান বোনা পিছিয়ে গেছে।