মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন (অনুমোদনবিহীন) পাঁচটি কারখানায় পানি বিশুদ্ধ করে বাজারজাত করা হচ্ছে। জেলার সর্বত্র প্রায় ১৯ লিটার জারে এই পানি ক্রয়-বিক্রয় হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। অনুমোদনবিহীন এই কারখানার চারটিই রাজৈর উপজেলায়। অপরটি শিবচর উপজেলায়। স্থানীয়দের অভিযোগ, কীভাবে কোন প্রক্রিয়ায় এই পানি বাজারজাত করে বিক্রয় করা হচ্ছে, তা কেউ জানে না। প্রকৃতপক্ষে নিয়মানুযায়ী পানি বিশুদ্ধ করা হচ্ছে কি না তাও কারো জানা নেই। রাজৈর এলাকার শিক্ষক প্রমথ রঞ্জন ও পূর্বসরমঙ্গল এলাকার আ. রহমান জানান, বিশুদ্ধকরণের নামে কোথায় কীভাবে পানি বোতলজাত করে বিক্রি করা হচ্ছে তা অনেকেরই জানা নেই। অথচ কারখানার মালিকরা অবাধে ১৯ লিটার জারে ভর্তি করে পানি বিক্রয় করে আসছেন। মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. সুফিকুল ইসলাম জানান, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন কোনো পানি বিশুদ্ধকরণ কারখানা আছে বলে আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুজ্জামান মোল্লা রাজৈর উপজেলায় চারটি ও শিবচর উপজেলায় একটি কারখানায় পানি বিশুদ্ধ করে ১৯ লিটার জারে বিক্রয় করে আসছে বলে জানান। এই পাঁচটি কারখানার প্রয়োজনীয় অনেক কাগজপত্র থাকলেও কোনোটিরই বিএসটিআইয়ের লাইসেন্স বা অনুমোদন নেই বলে নিশ্চিত করেছেন।