চলে গেলেন নির্মাণ স্কুল ক্রিকেটের বৃক্ষ রোপণকারী কে জেড ইসলাম

স্পোর্টস রিপোর্টার

এদেশের ক্রিকেটের আরো একজন নিঃস্বার্থবান সংগঠক চলে গেলেন। কে জেড ইসলাম (কামাল জিয়াউল ইসলাম) নামেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত ছিলেন তিনি। প্রচারবিমুখ কে  জেড ইসলাম (৮৬) গতকাল দুপুরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ১৯৮৩ থেকে ৮৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি ছিলেন তিনি। তার সময়েই ৮৬ সালে ঢাকা স্টেডিয়ামে হয়েছে এশিয়া কাপ ক্রিকেট। পরবর্তিতে নতুন নামে শুরু হয়েছিল প্রিমিয়ার ক্রিকেট লিগ।

কে জেড ইসলাম এদেশের ক্রিকেটকে মহীরুহে পরিণত করার পেছনের কারিগর। যখন এদেশের ক্রিকেট খেলটা শুধুই শীতকালীন খেলা হিসাবে দেখা হতো তখন তিনি এই খেলাটাকে উন্নত করতে তৃণমূলে পৌঁছে স্কুল ক্রিকেট আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। তার মাথায় ঢুকল কীভাবে ক্রিকেট খেলাটাকে জনপ্রিয় করা যায়। বাইশ গজের ব্যাট-বলে আন্তর্জাতিক মঞ্চে উঠতে হলে স্কুল মাঠে যেতে হবে। বড়ো আয়োজনেই যেখানে স্পন্সর পাওয়া যায় না সেখানে পুচকে ক্রিকেট আয়োজন, অসম্ভব। আজকের মতো বিসিবির ভান্ডারে ছিল না অর্থ। অনেক সময় ফুটবলের কাছ থেকে অর্থ ধার করতে হতো। সেই ক্রিকেট যোদ্ধা কে জেড ইসলাম শপথ করেছিলেন ক্রিকেটের টানাটানির সংসারে স্কুল ক্রিকেট আয়োজন করবেন। তার প্রতিষ্ঠানের টাকা দিয়ে চালু করলেন নির্মাণ স্কুল ক্রিকেট। সেখান থেকেই দেশের বহু ক্রিকেটার উঠে এসেছেন। আজও সেই উদ্যোগ এবং উদ্যোক্তা কে জেড ইসলাম হয়ে রইলেন দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় উদারহন। খেলাধুলার মানুষের প্রাণে যুগযুগ বেঁচে থাকবেন কে জেড ইসলাম।