প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু ৩১ মে

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মার্চে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দুই রাউন্ড পরই স্থগিত হয়ে যায়। করোনার কারণে এখনো বন্ধ আছে ঘরোয়া ক্রিকেটের সব কার্যক্রম। তবে এর মধ্যেই বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর দিন-তারিখ ঘোষণা করেছে বিসিবি। আগামী ৩১ মে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। তবে ওয়ানডে নয়, পুরো লিগ হবে টি-২০ ফরম্যাটে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ মে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। করোনার কারণে গত বছর মার্চে এক রাউন্ড পরই স্থগিত হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ। ঐ এক রাউন্ড বাদ দিয়ে পুরো লিগ নতুন করে শুরু হবে। সুপার লিগের পাশাপাশি রেলিগেশনও থাকবে। অবশ্য লিগের ভেন্যু, সূচি এখনো চূড়ান্ত হয়নি।

লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম বলেছেন, ‘আগামী ৩১ মে থেকে ঢাকা লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা করছি। আগেই ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার লিগটি টি-২০ ফরম্যাটে হবে। মূলত ব্যস্ত সূচি ও আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এই ফরম্যাটে লিগটি আয়োজন করছি। আশা করছি, প্রস্তুতির জন্য এটিই সেরা বিকল্প।’ লিগ জুড়ে ১২টি ক্লাবই থাকবে জৈব সুরক্ষা বলয়ের অধীনে। কাজী ইনাম বলেছেন,  ‘যথাযথ সুরক্ষার জন্য বোর্ড সভাপতি কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। ঐসব দিক-নির্দেশনা মেনেই জৈব সুরক্ষা বলয়টা তৈরি করা হবে।’