হঠাত্ শেয়ারবাজারে পতন

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

গতকাল দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় পাঁচ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সাত পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহসূচক ছয় পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭৯টির এবং ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।

মূল্যসূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ফাইন্যান্স, সোনার বাংলা ইনসিওরেন্স, ম্যাকসন স্পিনিং, প্রভাতী ইনসিওরেন্স এবং নিটল ইনসিওরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।