খুলনায় অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

খুলনা অফিস

খুলনায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ইকবাল নগর গ্রিন স্কুলের সামনে এ ছিনতাইয়েয়র ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।

পুলিশ জানায়, নগরীর ১০৬ খানজাহান আলী রোডের বাসিন্দা মো. ইকবাল হাসান খান লাবুসহ দুজন সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে তার গল্লামারীর ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি গরীব নেওয়াজ ক্লিনিকের  পেছনের সড়ক দিয়ে ইকবাল নগর স্কুল পার হয়ে গ্রিন স্কুলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাবুর কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যার মধ্যে তার ব্যবসার ৪ লাখ ২৩ হাজার ৩০০ টাকা ছিল বলে দাবি করেছেন তিনি।

ব্যবসায়ী লাবু জানান, তার ইজিবাইক ও মোটরসাইকেলের ব্যবসা রয়েছে। তিনি এ ব্যবসার টাকা নিয়ে প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে তিন জন সন্ত্রাসী চাপাতি ও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে খুলনা থানার সেকেন্ড অফিসার বি এম মনিরুজ্জামান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।