তবু শেষ রক্ষা হয়নি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘর পোড়ানোর মামলা থেকে বাঁচতে ‘আলৌকিক’ আগুনের নাটক সাজিয়েও শেষ রক্ষা হয়নি। ঠাকুরগাঁওয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা সামসুজ্জোহা, এহেতাসাম উল্লাহ, মকসেদুল ইসলাম, ইন্তাজ আলী, দেলোয়ার হোসেন, কফিল উদ্দীন, ওবায়দুল্লাহ, তহিদুর রহমান, আজিম উদ্দীন চৌধুরী, মন্টু আলম, মেহেরুন নেছা ও বিলকিস আক্তার। তাদের বয়স ৩১ বছর থেকে ৫৯ বছরের মধ্যে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আকরাম আলী বলেন, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গত ২৯ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা সালেহা বেগমের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে রবিবার বিকেলে তাদের জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আরিফুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আসামিদের রিমান্ড শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেছেন। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে গ্রামের বাসিন্দা বাবুল হোসেন, ও আব্দুস সালামের বাড়ির খড়ে আগুন লাগে। এরপর থেকে প্রতিদিনই ঐ গ্রামের দেলোয়ার হোসেন, মকসেদুল ইসলাম, মুরাদ হোসেনসহ অনেকের বাড়িতেই আগুনের ঘটনা ঘটে। এরপর এই আগুন নিয়ে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়।