ভাষাহীনদের ভাষা দিতে পারে গণমাধ্যম —তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিশেষ প্রতিনিধি

‘গণমাধ্যমের অপরিসীম শক্তি, যার মুখে ভাষা নেই তাকে যেন ভাষা দিতে পারে। যে স্বপ্ন দেখতে ভুলে গেছে তাকে স্বপ্ন দেখাতে পারে। যার ক্ষমতা নেই, তাকে ক্ষমতাবান করতে পারে’। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এ আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিকের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের পোস্টার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় সচিবালয়ের কনফারেন্স হলে। মুক্ত গণমাধ্যম দিবসকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে গণমাধ্যম যেমন স্বাধীন এবং মুক্তভাবে কাজ করছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য তা অবশ্যই একটি উদাহরণ এবং একই সঙ্গে অনেক উন্নত দেশের তুলনায়ও এদেশের গণমাধ্যম মুক্ত। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার বিষয়ে দেশি-বিদেশি বেসরকারি সংগঠনের বিরূপ মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘এ দেশের ও বিভিন্ন দেশের গণমাধ্যম নিয়ে যে সমস্ত সংগঠন বিবৃতি দেয় তাদের সঙ্গে একমত হওয়ার কারণ নেই। তারা নির্দিষ্ট কিছু জায়গা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। আমাদের কাছে বা তথ্য কমিশনের কাছেও কোনো তথ্য চায় না। তাদের ঢালাও মন্তব্য ঠিক নয় এবং আমরা এগুলোর সঙ্গে একমত নই।’