ইত্তেফাক রিপোর্ট
তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকা থেকে ৪৪ কেজি গাঁজা ও ১০ হাজার পিস ইয়াবাসহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এ চার জনের মধ্যে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছেন আলমগীর ও সোহেল এবং ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন সেলিম উদ্দিন ও সৈয়দ আলম। রবিবার বিকাল ও সন্ধ্যার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ সূত্র জানায়, রবিবার বিকালে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম হাতিরঝিল থানার শিশু পার্কের সামনে অভিযান চালিয়ে আলমগীর ও সোহেলকে গ্রেফতার করে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার হাসান ইমামের নেতৃত্বে একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেস উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে সেলিম উদ্দিন ও সৈয়দ আলমকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।