নারীর চরিত্রহননের সংস্কৃতি বিভিন্ন সংবাদমাধ্যমে ফিরে এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। গতকাল সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এ বিষয়ে বিশেষভাবে উদ্বেগও প্রকাশ করছে।
বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের এ ধরনের অপপ্রচার প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অসত্ উদ্দেশ্যজাত বলে আমরা মনে করি। যা ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, যে কোনো সহিংসতা বা ধর্ষণ বা খুনের শিকার নারীর পরিচয় বা জীবনযাত্রা বা পেশা যাই হোক না কেন, তা তার ওপর নির্যাতন বা খুনের লাইসেন্স প্রদান করে না এবং এর দ্বারা নির্যাতনকারী, ধর্ষণকারী বা খুনীর অপরাধকে লঘু করে দেখার কোনো সুযোগ নেই।
বিবৃতিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি সহিংসতামুক্ত ও নারী-পুরুষ সমতাপূর্ণ সমাজ নির্মাণে সংবাদমাধ্যমগুলোর অসামান্য ভূমিকা পালনের সুযোগ আছে। এই ভূমিকা পালনে তারা যত্নবান হলে তার সুফল শুধু নারী সমাজের ওপর বর্তায় না, বরং তা দেশের সার্বিক অগ্রযাত্রাকেই বেগবান করে। কারণ নারীরা দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক অংশ।