আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আধা-পাকা বাড়ি পাচ্ছেন আরও প্রায় ৫৩ হাজার ৫০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছেন প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা হয়।
আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রায়ন-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন। বৈঠকে সকল বিভাগীয় কমিশনার, উপ-কমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোন রকম ব্যত্যয় ছাড়া গুণগত মান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।
আগামী বছর সরকার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ১ লাখ ২৫ হাজার বাড়ি বিতরণ করবে। বর্তমানে দ্বিতীয় ধাপের বাড়িগুলো নির্মাণের পাশাপাশি আগামী বছর যে ১ লাখ ২৫ হাজার বাড়ি দিবে সরকার নির্মাণে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের। বাড়ির গুণগত মান নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, গুণগত মানের বিষয়ে কোন আপোষ করা হবে না ।
সভায় আশ্রায়ন প্রকল্পে উপকারভোগীদের একটি ডাটাবেইজ তৈরি করতে বলেন মূখ্য সচিব। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বর্তমান নির্মাণ কাজের পাশাপাশি আগামী বছর সরকার যে ১ লাখ ২৫ হাজার বাড়ি দিবে তার কাজ এগিয়ে রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন। কাজে কোন অসঙ্গতি হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সর্তক করেন তোফাজ্জল হোসেন মিয়া। প্রসঙ্গত, দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৪৩৪টি বাড়ি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে দেওয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ২৮০ টি বাড়ি, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৫১২ টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১ টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনা বিভাগে ৩ হাজার ৯১১টি, বরিশাল বিভাগে ৭ হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯ টি বাড়ি দেওয়া হবে ভূমিহীন ও গৃগহীনদের।