নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়।
জানা যায়, রবিবার রাতে নির্যাতনের শিকার বিবি খাদিজা (৪৫) বাদী হয়ে তিন জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় চরএলাহী ২ নম্বর ওয়ার্ডের চরকলমি গ্রামের আচইয়া মানিকের ছেলে জাহাঙ্গীরের পুত্র মাসুদ এবং একই এলাকার জামাল বলির ছেলে সাইফুলকে।
কোম্পানীগঞ্জ থানার ওসি জাহেদুল হক রনি বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শনিবার দুপুরে বরগা জমির ধান খাওয়ায় স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় জাবেদ হোসেনের ছেলে আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর, তার ছেলে মাসুদ ও সহযোগী সাইফুল আইয়ুবকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা বিবি খাদিজা এগিয়ে গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে ভাইরাল হয়। পরে এলাকায় জানাজানি হলে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।