আরও এক লাখ পুলিশ নিয়োগের ঘোষণা আসতে পারে!

জননিরাপত্তা ও সেবা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিদ্যমান পুলিশ বাহিনীতে আরও এক লাখ নতুন সদস্য নিয়োগের ঘোষণা আসতে পারে। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তায় পুলিশের জনবলের ঘাটতি রয়েছে। আর সে কারণে এবারের পুলিশ সপ্তাহে এক লাখ নতুন পুলিশ সদস্য নিয়োগের ঘোষণা আসতে পারে।

এছাড়া সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন বিভিন্ন পদের কর্মকর্তাসহ ৩৪৯ জন পুলিশ সদস্য। রেকর্ডসংখ্যক এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে সদ্যসমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকাকে বিবেচনায় নেওয়া হয়েছে।

এই পুরস্কার পাচ্ছেন ৬৪ জেলার পুলিশ সুপার, মেট্রোপলিটন এলাকার ক্রাইম জোনের ডিসি, রেঞ্জ ডিআইজি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা; যা অতীতে কখনোও ঘটেনি।

আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরির্দশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের মাঝে এই পদক বিতরণ করার কথা রয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে এক লাখ মানুষের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ১২০ জন পুলিশ সদস্য। সেখানে ভারতে ১৫০ জন, নেপালে ১৯৩ জন, মিয়ানমারে ১৭০ জন, পাকিস্তানে ১৮১ জন, মালয়েশিয়ায় ৩২০ ও যুক্তরাষ্ট্রে ২৮৪ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা ২ লাখ ১২ হাজার। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেবার সময় পুলিশের জনবল ছিল ৮৪ হাজার।

সূত্র জানায়, প্রতি বছর পুলিশ সপ্তাহের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে পুলিশের তরফ থেকে কমবেশি বিভিন্ন দাবি উত্থাপন করা হয়ে থাকে। 

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান বলেন, এবারে পুলিশে শ্রীবৃদ্ধির জন্য কোন দাবি নেই। মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি করার মতো আমাদের অপারেশন সক্ষমতা অর্জন করতে চাই। তার নির্দেশনা চাইব।

পদক পাচ্ছেন যারা

২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ৩৪৯ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক- পিপিএম ও পিপিএম-সেবা পদক দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। বিপিএম পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত ডিআইজি আবুল কাহার আকন্দ, সোয়াটের সিনিয়র সহকারী কমিশনার এসএম জাহাঙ্গীর হাছানসহ ৪০ জন।

বিপিএম সেবা পদক পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি বনজ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি আব্দুল বাতেন (ডিবি), যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম ,  র‌্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম, ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ হারুন অর রশিদ, কিশোরগঞ্জের এসপি মাশরুকুর রহমান খালেদ, ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকারসহ ১০৪ জন।

পিপিএম পদকপ্রাপ্তদের মধ্যে  র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ, ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন, সোয়াটের সহকারী পুলিশ কমিশনার মাহবুব-উর-রশীদসহ ৬২ জন।

আরও পড়ুনঃ সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন: ঐক্যফ্রন্টের প্রতি নাসিম

পিপিএম সেবা পদক পেয়েছেন এসবির ডিআইজি মাহবুব হোসেন, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মদ, পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি হাবিবুর রহমান, ডিএমপির উত্তরার ডিসি নাবিদ কামাল শৈবাল, রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলিসহ ১৪৩ জন।

ইত্তেফাক/নূহু