৪৩তম বিসিএসে আবেদন ৪ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, দফায় দফায় সময় বৃদ্ধির কারণে যারা যোগ্যতার জন্য আবেদন করতে পারেননি তারাও আবেদনের সুযোগ পেয়েছেন তাই আবেদনকারীর সংখ্যা বাড়ছে। আগামী ৩০ জুন আবেদনের সময় শেষ হবে।
পিএসসি সূত্র জানায়, গত সোমবার পর্যন্ত ৪৩ তম বিসিএসে ৪ লাখ ৮ হাজার ৪৬২ জন আবেদন করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩ তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করে পিএসসি।
করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত (সেমিস্টার) পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা সময়মতো না হওয়ায় অনেক শিক্ষার্থী ৪৩ তম বিসিএসে আবেদন করতে পারবেন না। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পরীক্ষা শুরু হয়েছে। সেই সময় ৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল ইউজিসি।
গত ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভাতেই বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ নিতে ইউজিসিকে অনুরোধ জানানো হয় উপাচার্যদের পক্ষ থেকে। ইউজিসিও তাতে একমত পোষণ করেছিল। এরপরই ৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দিয়েছিল ইউজিসি। এখন আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আরও দুই মাস বাড়ানো হয় এই আবেদনের সময়সীমা।