ছবির ডিজিটাল পোস্টারে নিরব-মিথিলা

 বিনোদন রিপোর্ট

 

প্রায় একযুগের ক্যারিয়ারে একের পর এক নিজেকে ভাঙার চেষ্টা করছেন চিত্রনায়ক নিরব হোসেন। সেই ধারাবাহিকতায় এবারো ভিন্ন এক নিরবকে দেখা যাবে ‘অমানুষ’ ছবিতে। গতকাল ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ভিন্নরূপে নিরব ও মিথিলাকে দেখা গেছে। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমি প্রতিটি ছবিতেই ভিন্নভাবে নিজেকে দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। অমানুষ ছবিটিতেও অন্য এক নিরবকে প্রকাশ করার চেষ্টা করেছি। ছবিটিতে একজন ডাকাতের ভূমিকায় অভিনয় করছি। আশা করছি মিথিলা ও আমার রসায়ন দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করবেন।’

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। এরইমধ্যে বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। এই ছবিটি ছাড়াও নিরবের হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। তবে গতবছরের মতো এবারের ঈদেও নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। বলা চলে ছবিহীন আরো একটি ঈদ কাটবে সিনেপ্রেমীদের। এ নিয়ে নিরব বলেন, ‘এখন দেশের যা অবস্থা তাতে হল খোলার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া করোনার কারণে সেভাবে শুটিংও শেষ করতে পারেনি কেউ। শুধু আমার নয়, কারো ছবিই ঈদে আসার সম্ভাবনা নেই।’