কলম্বিয়ায় কর সংস্কার বিলের বিরুদ্ধে বিক্ষোভ পাঁচ দিনে নিহত ১৯

কলম্বিয়ায় সরকারের কর সংস্কার বিলের প্রতিবাদে পাঁচ দিন ধরে চলা বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত ও আট শতাধিক মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে এক জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সোমবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি ও নিউ ইয়র্ক টাইমসের

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে বিভিন্ন নগরীতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বিক্ষোভে সাধারণ মানুষের ওপর গুলি চালানোয় বিভিন্ন এনজিও পুলিশের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, এর জন্য পুলিশ সরাসরি দায়ী। প্রতিরক্ষামন্ত্রী দিগো মোলেনো বলেন, এ সহিংসতা ফার্কের ভিন্নমতাবলম্বীদের এবং ইএলএন সদস্যদের পূর্বপরিকল্পিত ও সংগঠিত পদক্ষেপ। তারাই এ সহিংসতায় অর্থের যোগানদাতা। কলম্বিয়া বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্ক বামপন্থি বিদ্রোহীরা দেশটিতে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে ২০১৬ সালে সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করলেও দেশে সর্বশেষ গেরিলা গ্রুপ হিসেবে স্বীকৃত ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) তা থেকে বিরত থাকে। দেশের অস্থির পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ইভান ডুকের সরকার রবিবার কংগ্রেস থেকে কর আরোপের প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিলেও বিক্ষোভ থামছে না। সোমবারও রাজধানী বোগোটার বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।