আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল বোরো ধান এখন গোলায় উঠতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ধান কর্তন, ঝাড়াই-মাড়াই, সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানিরা। ধান কাটতে আসা একাধিক শ্রমিক জানায়, দেশি প্রজাতির ধানের চেয়ে এবছর হাইব্রিড ধানের ফলন ভালো হয়েছে। আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, ইতিমধ্যেই শতকরা ৮০ ভাগ ধান কৃষকের ঘরে উঠেছে। এ বছর খরের কোনো ঘাটতি হবে না বলেও জানান তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হূদয়েশ্বর দত্ত জানান, জেলায় বোরোর কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।