ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
মেহেরপুর :মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সাত্তার (৬৮) ও তার স্ত্রী ফারহা খাতুনের (৬০) মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দম্পতির বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয় জন আহত হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, অদক্ষ চালক এবং সড়কে কাদা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সেনবাগ (নোয়াখালী) :সেনবাগ উপজেলায় গত সোমবার সকালে পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবু সাঈদ ওরফে শাহীনের (৩০) মৃত্যু হয়েছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়ারদীঘি এলাকার পেট্রলপাম্পের কাছে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সেনবাগ থানার এসআই মো. সবুজ জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :সরাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক কাউছার মিয়া মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে ট্রাক্টরের সংঘর্ষে তার মৃত্যু হয়। কাউছার মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের ছেলে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, কোনো অভিযোগ না থাকায় কাউছার মিয়ার লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে মঙ্গলবার বিকালে পিকআপ-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৫৫) নামের একজন মারা গেছে। এ সময় নিহতের ছেলে ও পিকআপের চালক গুরুতর আহত হন। রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের মাধাইপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আজিমউদ্দিন জানান, আবু বক্কর ছেলেকে সঙ্গে নিয়ে রহনপুর থেকে সাপাহারে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে এ ঘটনা ঘটে। ট্রাক্টরের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।