নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাত্কৃত ১৩ মেট্রিক টন সুগন্ধি চিনিগুঁড়া চালের মধ্যে প্রায় ৯ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর জেলার গঙ্গাচড়া বাজারস্থ একটি গোডাউন থেকে আত্মসাত্কৃত ৮ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করে হয়। এ ঘটনায় মূল হোতা হেলাল উদ্দিন মণ্ডল (৪৬) ও লেবু মিয়া (৪৮) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, আটককৃত চালক ও হেলপার আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বগুড়ার শেরপুর, ধুনট ও ঠাকুরগাঁও সদর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি এবং প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো যারা জড়িত আছে তাদের আটকসহ বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ, গত ১৮ এপ্রিল নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর বাজার থেকে এসিআই কোম্পানির ১৩ মেট্রিক টন আতব চাল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে নিখোঁজ হয় প্রতারক চক্র। এ ঘটনার তিন দিন পর ২১ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়ারি করা হয়।