সংবাদ সংক্ষেপ

বদলগাছীতে খাদ্যসামগ্রী বিতরণ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা করোনা পরিস্থিতি মোকাবিলায় নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বদলগাছী উপজেলার ১৫৬ জন দুস্থ ও অসহায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বদলগাছী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম।

দুস্থদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় গরিব ও দুস্থদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শান্তির নীড় পঞ্চগড়ের সহযোগিতায় পঞ্চগড় প্রেসক্লাব এ মানবিক সহায়তা বিতরণ করে। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন প্রমুখ উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ করেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বকনা গরু বিতরণ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে মঙ্গলবার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী ২৬টি পরিবারের মধ্যে বকনা গরু, দানাদার খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। বকনা গরু বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

গোপালগঞ্জে মাঠ দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাধান ১০-এর মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল বড়বাড়ি গ্রামে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত মাঠ দিবসে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেন।

যন্ত্রের মাধ্যমে ফসল কাটা উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় সোমবার বিকালে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কাটা উদ্বোধন করা হয়েছে। উপজেলার কুমিরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে প্রণোদনা কর্মসূচির সমালয়ে বোরো হাইব্রিড ধান(তেজগোল্ড)-এর ব্লক প্রদর্শনীর আওতায় ৫০ একর জমির ধান কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কাটা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।

করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠান

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় করোনা ভাইরাস প্রতিরোধে আরো অধিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ, হিমু পাঠক আড্ডা, রক্তদানে নেত্রকোনা এবং উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পক্ষকালব্যাপী জনসচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার নেত্রকোনা পৌরসভা মোড়, শহিদ মিনার, মগড়া সেতু এলাকা, রাজুর বাজারসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

ভূমিহীন ১২০ পরিবারের মধ্যে ঘর হস্তান্তর

নোয়াখালী প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসেবে সেনাবাহিনীর নির্মিত নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের নদীভাঙা ভূমিহীন ও আশ্রয়হীন ১২০ পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্লার্ক ইউনিয়নের চর উরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে ব্যারাক মাঠে ২৪টি ব্যারাকের উপকারভোগী ঐ ভূমিহীনদের মধ্যে ঘরগুলো বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। পরে এসব পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়।

 

 

০