আবাহনীর পাঁচ গোল ব্রাদার্সের জালে

আবাহনী ৫-২ ব্রাদার্স বসুন্ধরা ২-০ পুলিশ

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে যোগ হয়েছিলেন নাইজেরিয়ারন সানডে চিজোবা। তাকে নিয়ে আবাহনী প্রথম ম্যাচটা জিততে পারেনি। ২-২ গোলে ড্র হয়েছিল পুলিশের বিপক্ষে সেই ম্যাচ। গতকাল দ্বিতীয় ম্যাচে ৫-২ গোলে ব্রাদার্সকে হারিয়ে স্বস্তি পেয়েছে।

দর্শকশূন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী দাপুটে ফুটবল খেলেছে। কিন্তু বড় ব্যবধানে ৪ গোলে এগিয়ে যাওয়া আবাহনী খেলার শেষ দিকে গা ছাড়া ভাব করতে গিয়ে ২ গোল হজম করে। ব্রাদার্স গোল করলেও আবাহনী আবার নড়চেড়ে ওঠে। খেলার পঞ্চম গোল করে। সানডে আগের ম্যাচ ২ গোল আর গতকাল করলেন ১ গোল। ব্রাদার্সের দুর্বলতায় আবাহনীর ডিফেন্ডার নাসির উদ্দিন, জুয়েল রানা, হাইতির বেলফোর্ট, রুবেল মিয়া গোল করেন। ব্রাদার্সের নাইজেরিয়ান উগুচুকুয়া আওয়ালা মাগালান ২ গোল করেন।

ক্লাব না পাওয়া স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি এবার ব্রাদার্সে খেলছেন। তাকে দেখা গেল অধিনায়ক হয়ে মাঠে নামছেন। ২২ মিনিট পরই এমিলিকে তুলে নিতে বাধ্য হয়েছেন দলের কোচ কাম ম্যানেজার আমের খান।    ১৪ খেলায় ৮ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে আবাহনী এখন তৃতীয় স্থানে এবং সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ব্রাদার্স একেবারে তলানিতে। একের পর এক ম্যাচ হেরে হেরে ব্রাদার্স যেন আজ পাল ছেঁড়া নৌকার মতো। কোথায় যাচ্ছে, কোন কুলে ভিড়বে, তা বলা কঠিন। 

পুলিশকে হারাতে গিয়ে ঘাম ঝরে গেছে বসুন্ধরা কিংসের

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস জয় তুলে নিয়েছে। ২-০ গোলে হারিয়েছে পুলিশকে। এই পুলিশ আগের ম্যাচে আবাহনীকে থামিয়ে দিয়ে ১ পয়েন্ট তুলে নিয়েছিল। কাল বসুন্ধরা কিংসকেও থামিয়ে দিতে যাচ্ছিল। প্রথমার্ধ থামিয়ে রেখেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে বসুন্ধরা তার অভিজ্ঞ ফুটবলারদের দিয়ে শেষ কাজটি সেরে নিয়েছে। দ্বিতীয়ার্ধে তৌহিদুল আলম সবুজ এবং তপু বর্মন গোল করেন। বসুন্ধরা ১৪ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে অবস্থান করছে। সমান খেলায় ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পুলিশ।

আজকের খেলা :

মোহামেডান ও সাইফ স্পোর্টিং। আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। বিকাল ৪টা, ৭টা এবং ৯টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।