স্পোর্টস রিপোর্টার
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তাবিত দেশের ১৮৬ টি উপজেলায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন। একনেক সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একনেকের বৈঠকে ১৮৬টি উপজেলায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন হয়েছে। এটি ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে একটি বড় সুসংবাদ। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি সবসময় আমাদের স্পোর্টসকে এগিয়ে নিতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সার্বিক সহযোগিতা করে চলেছেন। আমি আশা করছি, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নবজাগরণের সৃষ্টি হবে। ইতিপূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক দেশের ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ সমাপ্ত হয়েছে।