কৃষক লীগের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা
ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের এই সংকটেও একটি কুচক্রী মহল অপরাজনীতি করছে। কিন্তু তারা জানে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে তার নেতাকর্মীরা পিছপা হয় না। আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয় আছেন, কেউ পেছন দিয়ে ছুরিকাঘাত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার কাছে একাত্তরের শকুনদের ষড়যন্ত্র খড়কুটোর মতো উড়ে যাবে। গতকাল মঙ্গলবার খামারবাড়ীর কেআইবি মাঠে কৃষক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদউপহার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, করোনার মহামারির সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের ১৮ কোটি মানুষকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। তখন একাত্তরের শকুনেরা পিছন দিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তাদের এই অভিলাষ পূরণ হবে না। শেখ হাসিনার মানবতার কাছে ওদের এই ষড়যন্ত্র খড়কুটোর মতো উড়ে যাবে। তিনি আরো বলেন, যারা ধর্মীয় উন্মাদনা দিয়ে শেখ হাসিনা সরকারকে উত্খাত করতে চায়, বিদেশ থেকে অর্থ দিয়ে নতুন করে বদরের যুদ্ধ করতে চায়, শাপলার চত্বরে জড়ো হওয়ার ডাক দেয়, বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে দিতে চায়, তাদের মূলত লক্ষ্য রাষ্ট্রীয় ক্ষমতায় আসা। কিন্তু তারা জানে না আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় আছেন, কেউ পেছন দিয়ে ছুরিকাঘাত করতে পারবে না। কোনো অপশক্তি মাথা নাড়া দিয়ে উঠতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে ভয় পায় না। যত অপরাজনীতি, ধর্মব্যবসায়ী আসুক, তাদের ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশকে আফগানিস্তান, সুদান, ইয়েমেন বানানো যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, করোনার এই সংকটেও একটি কুচক্রী মহল অপরাজনীতি করছে। এই অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। কেউ যেন সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে। এ জন্য আওয়ামী লীগের সব পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন। তারা ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। এ সংকট শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে থাকবে।
সভাপতির বক্তব্যে কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতা মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করেছেন। সব সময় চাইতেন রাজনীতির মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আজ তার কন্যা সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তবে ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।