আরেক জনের সাজা খেটে অবশেষে মুক্তি হাছিনা বেগমের

মাদকের মামলায় ছয় বছরের সাজা হয় হাসিনা আক্তারের। তার জায়গায় এক বছর চার মাস ২০ দিন ধরে সেই সাজা খাটছেন হাছিনা বেগম। এই বিষয়টি সম্প্রতি চট্টগ্রাম মহানগর অতিরিক্ত ৫ম আদালতের নজরে আনেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শরীফুল আলম ভুঁইয়ার ভার্চুয়াল আদালত হাছিনা বেগমকে মুক্তির আদেশ দেন।

হাছিনা বেগমের            আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ জানান, আদালত হাছিনা বেগমকে কারাগার থেকে মুক্তির আদেশ দিয়েছেন। আদালতের পূর্ণাঙ্গ রায় পাইনি। এর আগে গতকাল সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছবিযুক্ত বালামে প্রকৃত হাসিনা আক্তার ও হাছিনা বেগম একই আসামি নন বলে আদালতে প্রতিবেদন দাখিল করে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামির নামের প্রথম অংশ ও স্বামীর নামের সঙ্গে মিল রয়েছে। তবে অপরাধীর নামের সঙ্গে মিল থাকলেও বাবা-মায়ের নামের সঙ্গে রয়েছে অমিল। কারাগারে থাকা হাছিনা বেগমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানা পৌরসভার চৌধুরী পাড়ায়। তিনি হামিদ হোছেনের স্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারও একই এলাকার ইসমাইল হাজি বাড়ির হামিদ হোসেনের স্ত্রী।