বগুড়ায় ‘বাবা হুজুর’ খ্যাত এক ব্যক্তিকে গুলি করে হত্যা

বগুড়ায় দিনদুপুরে মোজাফ্ফর হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাবা হুজুর নামে খ্যাত নিহত মোজাফ্ফর হোসেন নন্দীগ্রাম উপজেলাসংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মোজাফ্ফর হোসেন একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসার পথে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে। এরপর তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জানা গেছে, বাবা হুজুর নামে পরিচিত মোজাফ্ফর হোসেন সাত বছর আগে শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের পাশে ‘আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া কওমি হাফেজিয়া মাদ্রাসা’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান খুলেন। ঐ প্রতিষ্ঠানেই বসে তিনি ঝাড়ফুঁক ও তাবিজ লিখে জীবিকা নির্বাহ করতেন। করোনাকালে মাদ্রাসা বন্ধ থাকলেও বাবা হুজুর মাদ্রাসার একটি কক্ষে এই কবিরাজি ব্যবসা চালিয়ে আসছিলেন। নিশিন্দারা এলাকার বাসিন্দারা জানান, মামলা-মোকদ্দমা, প্রেম-বিয়ে এবং স্বামী-স্ত্রীর অমিলসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিন বহু মানুষ বাবা হুজুরের কাছে আসতেন। তবে মঙ্গলবার দুপুরে গিয়ে ঐ মাদ্রাসাটি বন্ধ পাওয়া যায়।  বাড়ির মালিক হেলাল উদ্দিন বলেন, চার-পাঁচ বছর আগে বাবা হুজুর তিনতলা বাসার দোতলা ভাড়া নেন।  তার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী গ্রামের বাড়ি সিংড়ায় বসবাস করেন। আর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি এখানে থাকতেন।