মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ব্যস্ত রাস্তার ওপর নির্মিত মেট্রোরেলের ওভারপাস ভেঙে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হলেও বড় বিপর্যয়ের আশঙ্কায় উদ্ধারকাজ সাময়িক বন্ধ রেখেছে শহর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ট্রেনের আরো কয়েকটি বগি ও ব্রিজের ভাঙা টুকরো রাস্তায় আছড়ে পড়ার শঙ্কায় উদ্ধার তত্পরতা আপাতত বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অলিভোস স্টেশনের কাছাকাছি একটি রেলওয়ে ওভারপাস ভেঙে ট্রেনের একাধিক বগি রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ে। ঘটনার সময়ের একটি ভিডিও প্রকাশ করেছে স্থানীয় টিভি চ্যানেল। সেখানে দেখা গেছে, মেট্রোর ঐ সেতুর নিচে দাঁড়িয়ে আছে অনেক গাড়ি। রাস্তায় ভিড় না থাকলেও মানুষ ও গাড়ি চলছে। তখনই হঠাত্ ভেঙে পড়ে সেতুটি। চারদিক ঢেকে যায় ধুলায়। অন্য একটি ভিডিওতে দেখা গেছে যে ভাঙা সেতু থেকে কম করে দুটি রেলের বগি ঝুলছে। এই সেতু তৈরির সময়েই নানা অভিযোগ উঠেছিল। মেক্সিকো সিটির বর্তমান মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলে দেশটির একজন মন্ত্রী। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।