শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৯ মে ভারত থেকে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। চারটি দলে ক্রিকেটার, কোচিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় গতকাল আইপিএল স্থগিত করা হয়। ফলে বদলে গেছে পরিস্থিতি। এখন দ্রুতই দেশে ফিরবেন কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসে খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার। ভারতীয় বোর্ডের ভাড়া করা বিশেষ বিমানে ফেরার কথা রয়েছে তাদের। তবে দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইন করতেই হবে সাকিব-মুস্তাফিজকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা ফেরা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকতেই হবে সাকিব-মুস্তাফিজকে। তবে দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন শিথিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বিসিবি। সেই আবেদনে সাড়া দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গতকাল সন্ধ্যায় মুস্তাফিজ ইত্তেফাককে জানান, সুস্থ আছেন তিনি। সাকিব ও তার দেশে ফেরার ফ্লাইট ঠিক হয়নি এখনো। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। সিরিজ খেলতে হলে তার আগেই কোয়ারেন্টাইন মুক্ত হতে হবে সাকিব-মুস্তাফিজকে এবং ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক বলে কয়েকদিনের মধ্যেই দেশে ফিরতে হবে তাদের। কারণ বিলম্ব হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজটা মিস করবেন তারা।
আইপিএলে এবার ভালো সময় কেটেছে মুস্তাফিজের। রাজস্থানের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নেন বাঁহাতি এ পেসার। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। সাকিবের বেশির ভাগ সময় কেটেছে সাইড বেঞ্চে। কলকাতার হয়ে তিন ম্যাচে ৩৮ রান ও ২ উইকেট নেন তিনি।