ধর্মের আড়ালে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত এখন আরেকটা টিম নামিয়েছে। হেফাজত নামধারী এরা ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এরা রাষ্ট্রের শত্রু, জনগণের শত্রু। ধর্মের আড়ালে এরা বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক কাজ করে কেউ পার পাবে না।

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বংশাল থানার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বংশাল থানা এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

মামুনুল হককে নিয়ে তিনি বলেন, মামুনুল হক মুখে এক, কর্মে আরেক। ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। মামুনুল যে জঘন্য কাজ করেছেন শরীয়ত অনুযায়ী তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা যেত। কিন্তু আমরা আইনে বিশ্বাসী। আইন অনুযায়ী তার উপযুক্ত বিচার হবে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা। করোনার শুরুর দিকে মির্জা ফখরুল ইসলাম সরকারের সমালোচনা করলেন। অথচ তিনি নিজে প্রেসক্লাবে দিনের পর দিন সরকারবিরোধী সমাবেশ করেছেন।

বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং একই থানার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া এমপি।