প্রায় এক বছর ধরে আলোচনার পর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা ‘বেবী লিভ প্রক্সি ভোট’ অনুমোদন করেছে। আইন প্রণেতাগণ এ বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালান, তবে ব্রেক্সিট ইস্যুতে ভোট দেয়ার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী সিজারিয়ান অপারেশন স্থগিতের সিদ্ধান্ত নিলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। খবর এএফপি’র।
বিষয়টি নিয়ে সম্প্রতি বিবিসিতে ‘গর্ভবতী এমপির ভোটদান প্রক্সি ভোট দেয়ার পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি করেছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ব্রিটিশ সংসদে অনুপস্থিত অবস্থায় ভোট দেয়ার পদ্ধতি বা প্রক্সিভোট না থাকার সমালোচনা করা হয়।
পার্লামেন্টের ওই সদস্য টিউলিপ চলতি মাসের গোড়ার দিকে ভোটে শরিক হওয়ার জন্যে তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
প্রক্সিভোট সংসদে অনুমোদিত হওয়ার পর মঙ্গলবার লন্ডনের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমার মনে হয় আমি প্রথম এমপি যে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাচ্ছি।’
আরও পড়ুনঃ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সরকারকে নোটিশ
টিউলিপ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
ইত্তেফাক/টিএস