বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

পাটগ্রাম (লালমনিরহাট) :বুড়িমারী স্থলবন্দর-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আপন চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। দুর্ঘনায় আহত হয়েছেন অপর একজন। গতকাল বুধবার সকালে মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকবার আলী (৬০) ও জাহিদুল ইসলাম যাদু মিয়া (৩৫)। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।

সিংড়া (নাটোর) :সিংড়ার ইটালী গ্রামে মঙ্গলবার রাতে ট্রাকের নিচে চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নায়েব আলী (৫০)। তিনি উপজেলার  দেওগাছা গ্রামের আফাজ ওরফে লাদু মোল্লার ছেলে। উপজেলার ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :বিজয়নগরে গতকাল বুধবার দুপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন। তবে নিহতের পরিচয় জানা যায়নি। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, ট্রাক জব্দ এবং সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ (নীলফামারী): কিশোরগঞ্জে বুধবার বিকালে সড়ক দুঘটনায় শরিফুদ্দিন মিয়া(৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি নদীর পাড়গ্রামের মৃত ছপিল উদ্দিনের ছেলে। নীলফামারী-রংপুর সড়কের কিশোরগঞ্জের বড়পুলের মোকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।