সুজানগর (পাবনা) সংবাদদাতা
ঈদকে সামনে রেখে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নআয়ের মানুষরা ভিড় করছেন এসব দোকানগুলোতে। পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে ও সাধ্যমতো কেনাকাটা করতে তারা এসব দোকানগুলোতে ভিড় করছেন। কম দামে শার্ট, প্যান্ট, গেঞ্জি, ফ্রগ, কামিজ এবং শাড়ি ও লুঙ্গি মিলছে এসব দোকানে। চলছে গভীর রাত পর্যন্ত কেনাকাটা। পৌর শহরের ফুটপাতে কেনাকাটা করতে আসা উপজেলার কাদোয়া গ্রামের দিনমজুর আব্দুস সাত্তার বলেন, ঈদে ছোট ছেলেমেয়েদের খুশি করতে নতুন পোশাক কিনতে হবে। কিন্তু নামি-দামি দোকানে কেনাকাটা করার সামর্থ্য নেই তাই ফুটপাতের দোকানে এসেছে। একই কথা বলেন উপজেলার রাধানগর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ফুটপাতের দোকানেও গত বছরের তুলনায় এ বছর সব পোশাকেরই দাম বেশি। গত বছর শিশু-কিশোরদের যে শার্ট ও ফ্রগ ৪০০-৫০০ টাকায় বিক্রি হয়েছে তা এবার ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে অনেক দরিদ্র পরিবারের পক্ষে পছন্দমতো পোশাক কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে ভুক্তভোগী ক্রেতারা জানান।