অভয়নগরে আগুনে দুই বসতঘর ভস্মীভূত

গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ

যশোর অফিস

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় সেহরির খাবার গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের আগুনে দুটি বসতঘর, একটি রান্নাঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। বুধবার ভোররাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, ভোররাতে তার স্ত্রী সেহরির খাবার গরম করতে রান্নাঘরে যায়। গ্যাসের চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় প্রথমে রান্নাঘর এবং পাশাপাশি দুটি বসতঘরে আগুন লেগে যায়। নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।