সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
উপজেলার জয়মন্টপে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আশ্রম মন্দিরে চুরি হয়েছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তিনটি ঘরের পাঁচটি তালা ভেঙে মন্দির থেকে পাঁচটি পিতলের মূর্তি, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে সেবায়েত সুবল দাস বৈরাগী জানিয়েছেন। তিনি জানান, এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে।
জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত্ হোসেন বলেন, আশপাশের নেশাখোররা এখানে আড্ডা দেয়। তারাই এ কাজটি করেছে। কারা করেছে তাও জানা যাবে। আখড়ার সাধারণ সম্পাদক জয়মন্টপ হাই স্কুলের প্রধান শিক্ষক রাধেশ্যাম সাহা, সদস্য নারায়ণ চন্দ্র মণ্ডল, অরবিন্দ সাহা বলেন, নাম বললে আমাদের সমস্যা হবে। রাতের বেলায় ছাদের ওপরে যারা এখানে আড্ডা দেয় এবং নেশা করে তারাই এ কাজ করতে পারে।
পরিদর্শনকালে থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ‘এখানে বাইরের লোক আসবে কেন। কেউ আড্ডা দেবে নেশা করবে এটা হতে পারে না। কারা চুরি করেছে তা বের হয়ে আসবে। আমরা ছাড়াও অন্য সংস্থা এটা তদন্ত করবে।’