ইত্তেফাক রিপোর্ট
নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক শুধু নগর নয়, পরিকল্পিতভাবে গ্রামকে গড়ারও উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গ্রামে যে কোনো অবকাঠামো নির্মাণ করতে হলে যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েই করতে হবে বলেও জানান তিনি। গতকাল সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত ‘মেয়র সংলাপ:নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর’ বিষয় ক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।
রাজধানীতে জোনভিত্তিক বিদ্যুত্, পানি এবং গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের বিল নির্ধারণ করার ঢপর পুনরায় গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গুলশান, বনানী-বারিধারা এলাকার ন্যায় যাত্রাবাড়ী বা স্বল্প আয়ের মানুষ বসবাসরত এলাকার ইউটিলিটি বিল সমান হতে পারে না এবং এটা নির্ধারণ করা যুক্তিসঙ্গতও হবে না। মন্ত্রী ঢাকা শহরের ৩৯টি খালসহ সব বড় বড় শহরের আওতাধীন খালগুলো অবৈধ দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ওয়াটার ট্রান্সপোর্ট চালু করে সৌন্দর্যবর্ধন ও নাগরিকবান্ধব করতে সব সিটি করপোরেশনের মেয়রদের পরামর্শ দেন ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক প্রফেসর আদিল মোহাম্মদ খানের সঞ্চালনায় সংলাপে ঢাকা উত্তর সিটি, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রগণ অংশগ্রহণ করেন। এ ছাড়া, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি, সেভ দ্য চিল্ড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অনলাইনে সংযুক্ত ছিলেন ।