বিশেষ প্রতিনিধি
বংশালে রিকশাচলককে মারধরের অভিযোগে গ্রেফতার সেই প্রভাবশালী সুলতান আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে সুলতান আহমেদকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। তবে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন বংশাল থানার এসআই মো. আলী রেজা মামুন।
পুলিশ জানায়, মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান একজন সংবাদকর্মী। ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাচালককে থাপ্পড় মারছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নির্যাতনের এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। বিষয়টি দেখতে পেয়ে পাশ থেকে লোকজন এগিয়ে গিয়ে তকে উদ্ধার করে। ভিডিওটি দেখার পর অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ।